দিন আনা দিন খাওয়া পরিবার, সংসারের হাল ধরতে রাজস্থানে পাড়ি দেওয়াই কাল হলো বীরভূমের যুবকের! ভেঙে পড়েছে গোটা পরিবার

দিন আনা দিন খাওয়া পরিবার, যে কারণে সংসারের হাল ধরতে, একটু বেশি টাকা রোজগারের তাগিদে ভিন রাজ্য রাজস্থানে পাড়ি দিয়েছিলেন বীরভূমের যুবক। তবে ভিন রাজ্যের কাজ করতে গিয়ে তার সঙ্গে যে এমন পরিণতি হবে তা ভেবেও করতে পারছেন না ওই যুবকের পরিবার। ঘটনার খবর পেয়ে রীতিমত ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

লাভপুর ব্লকের অন্তর্গত চৌহাট্টা এলাকার সুবলপুর গ্রামের ২৬ বছর বয়সি সুকল টুডু বেশি টাকা রোজগারের তাগিদে কাঠের পালিশের কাজের জন্য প্রায় মাস ছয়েক আগে রাজস্থানে পাড়ি দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে সেখানে ভালোভাবেই কাজ করার পর কুড়ি ফেব্রুয়ারি তার বাড়ি ফেরার কথাও ছিল। কিন্তু কাজের সমস্ত টাকা না পাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি কয়েকদিন অপেক্ষা করেই সিদ্ধান্ত নেন বাড়ি ফিরবেন। কিন্তু এসবের মধ্যেই ঘটে গেল অঘটন।

রবিবার রাত আটটা নাগাদ ঐ যুবক যখন কাজ থেকে নিজের থাকার জায়গায় ফিরছিলেন তখন পথদুর্ঘটনায় তার মৃত্যু হয়। আজ সোমবার যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা সেই সময় বাড়িতে খবর এলো সে আর ইহজগতে নেই। এমন খবর পেতেই স্বাভাবিকভাবেই মাথায় বাজ পড়ে পরিবারের সদস্যদের।

আরও পড়ুনঃ তৃণমূলের বিরুদ্ধে দুবরাজপুর থানার দ্বারস্থ বিজেপি! কেন এমন সিদ্ধান্ত জানালেন বিধায়ক

মৃত সুকল টুডুর স্ত্রী মামনি টুডু জানিয়েছেন, সব টাকা না পাওয়ার কারণে সে টাকার জন্য অপেক্ষা করছিল। আর এসবের মধ্যেই এমন ঘটনা।