পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ ছিল সারা দেশে। হোটেল-রেস্তোরাঁ বন্ধ, হাসপাতাল-স্কুলের ক্যান্টিনে সমস্যা। অনেকেই ভাবছিলেন, সিলিন্ডার পাবেন তো? কিন্তু এখন স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারতে এলপিজি গ্যাস উৎপাদন (Liquefied Petroleum Gas) গত ৫ মার্চের পর থেকে প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
রিফাইনারিতে উৎপাদন বাড়ানোর নির্দেশ
পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা স্পষ্ট করে বলেছেন, পরিবার, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রিফাইনারিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রোপেন-বিউটেনের সবটাই রান্নার গ্যাসে ব্যবহার হয়। ফলে এলপিজি উৎপাদন লাফিয়ে বেড়েছে। প্রতিদিন ৫০ লক্ষের বেশি সিলিন্ডার ডেলিভারি হচ্ছে। সারা দেশে ২৫ হাজারেরও বেশি ডিস্ট্রিবিউটর কাজ করছে।
বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, শহরে সিলিন্ডার বুকিংয়ের গ্যাপ ২১ দিন থেকে ২৫ দিন করা হয়েছে। গ্রাম ও দুর্গম এলাকায় ৪৫ দিন। এতে অযথা ভিড় কমছে। বাণিজ্যিক সিলিন্ডারও সরবরাহ চলছে।
PNG-তে স্যুইচ করলে আরও সুবিধা
ভারতে ইতিমধ্যে ১ কোটি ৫০ লক্ষ পরিবার পাইপলাইনের প্রাকৃতিক গ্যাস (PNG) ব্যবহার করছে। আরও ৬০ লক্ষ বাড়ি সহজেই এতে যোগ দিতে পারবে। সরকার বলছে, যারা পারেন, PNG-তে স্যুইচ করুন। এতে এলপিজির চাপ কমবে। গাড়িতে সিএনজি এবং চা-শিল্পের মতো ক্ষেত্রে গড় চাহিদার ৮০ শতাংশ গ্যাস দেওয়া হচ্ছে।
