৮০ তম স্বাধীনতা দিবসে দুবরাজপুর থানার পক্ষ থেকে বিরাট এক উপহার দেওয়া হল সাধারণ মানুষদের। এদিনের এই উপহারে তাদের হাতে যা তুলে দেওয়া হল তা তারা ফিরে পাবেন তা হয়তো অনেকেই ভেবে উঠতে পারেননি। আর স্বাভাবিকভাবেই এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে খুশি, আমজনতারা।
আমাদের অনেকেরই এখনকার সব সময়ের সঙ্গী স্মার্টফোন হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়। কিন্তু সেই অমূল্য রতন ফিরে পাবেন এমন আশা অনেকেই ছেড়ে দেন। কিন্তু দুবরাজপুর থানার পুলিশ তাদের তরফে এই ধরনের একাধিক মোবাইল চুরি অথবা হারিয়ে যাওয়ার ঘটনায় তদন্তে নেমে বড় সাফল্যের পরিপ্রেক্ষিতে ৩৭ টি মোবাইল উদ্ধার করে। আর সেই ৩৭ টি মোবাইল আজ শনিবার আসল গ্রাহকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া অথবা চুরি যাওয়া মোবাইল ফেরত দেওয়ার বীরভূম জেলা পুলিশের অপারেশন প্রাপ্তি নামের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, ডিএসপি ক্রাইম পতিক রায়, দুবরাজপুরের ci শুভাশিস হালদার, দুবরাজপুর থানার ওসি অমিত প্রামাণিক সহ অন্যান্যরা।
এদিন যে সকল আসল গ্রাহকদের হাতে তাদের মোবাইল ফিরিয়ে দেওয়া হয় তারা যে কেবল বীরভূম জেলার তা নয়, অনেকেই অন্য জেলার বাসিন্দা হয়েও তাদের হারিয়ে যাওয়া মোবাইল এদিন ফিরে পেলেন। যা তাদের খুশিতে ভরিয়ে তুলেছে।
