কাড়ি কাড়ি টাকা, তাল তাল সোনা, বান্ডিল বান্ডিল সম্পত্তির দলিল! এসব সহ ফের একবার গ্রেপ্তার হতে হলো বীরভূমের ঋতব্রত গোষ্ঠীর তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকে। গতকাল অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই তার বোলপুরের ফ্ল্যাট বাড়িতে হানা দিয়েছিল বীরভূম জেলা পুলিশের একটি বিশাল টিম। ঘন্টার পর ঘন্টা তারা ওই ফ্ল্যাট বাড়িতে ঢুকে তদন্ত চালানোর কাজ চালিয়ে যাচ্ছিল। দিন পেরিয়ে রাত গড়াতেও যখন তল্লাশি শেষ হয়নি তখনই আভাস পাওয়া যাচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। আর সেটাই লক্ষ্য করা গেল অন্ততপক্ষে ২২ ঘন্টার ম্যারাথন তল্লাশীর পর। ২২ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর দেখা যায় বীরভূম জেলা পুলিশের হাতে ফের একবার গ্রেপ্তার হয়েছেন সাইগাল হোসেন। তাকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ, আজ রবিবার তাকে আদালতে তোলা হবে বলেই জানা যাচ্ছে।
এখন প্রশ্ন হল অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের ফ্ল্যাট বাড়ি থেকে কি কি উদ্ধার হয়েছে? পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে তাতে বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে। যা ঘিরে চাঞ্চল্যের শেষ নেই।
জানা যাচ্ছে, পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের কালো ধনের সন্ধান চালাতে গিয়েই অনুব্রত প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনের ফ্ল্যাট বাড়িতে পৌঁছন আধিকারিকরা। এরপরই শুরু হয় টানা 22 ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়া এবং তারপর জামিনে মুক্ত হওয়ার পর সাইগাল হোসেন বোলপুরের এই ফ্ল্যাট বাড়িতেই থাকতেন। ২২ ঘণ্টা তল্লাশি পর তার থেকে উদ্ধার হয়েছে ১৩ লক্ষ টাকা নগদ, ৮৫০ গ্রামের বেশি সোনা এবং তিনশোর বেশি নানা সম্পত্তির দলিল। উদ্ধার হওয়া এই সমস্ত সম্পত্তি পুলিশ বাজেয়াপ্ত করেছে বলেই জানা যাচ্ছে। এখন দেখার বিষয় আগামী দিনে কী হয় এই তদন্তের ঘটনায়।
