কেন বঙ্গে পরিবর্তন দরকার? এবার ‘মাস্টারপ্ল্যান’ নিয়ে নামছে বিজেপি, খোলসা করলেন জগন্নাথ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় কর্মসূচির ডাক দিল বঙ্গ বিজেপি। ২ মার্চ বীরভূমের তারাপীঠ থেকে শুরু হতে চলেছে বিজেপির মেগা রথযাত্রা বা ‘পরিবর্তন যাত্রা’। এই যাত্রার তাৎপর্য বোঝাতে গিয়ে এক বিস্ফোরক প্রেস কনফারেন্স করেন বিজেপির রাজ্য সহসভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়।

জগন্নাথ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্যে বর্তমানে ‘টার্গেট কিলিং’ চলছে এবং মহিলারা সুরক্ষিত নন। তিনি চাঞ্চল্যকর দাবি করে বলেন, “এসআইআর (SIR) প্রক্রিয়া না হলে জানাই যেত না যে রাজ্যে ১১ হাজার মহিলা লাভ জেহাদের শিকার হয়েছেন।” কর্মসংস্থান ইস্যুতে সরব হয়ে তিনি বলেন, রাজ্যে বর্তমানে ১ কোটি বেকার। রাজ্য সরকার স্থায়ী সমাধান না দিয়ে কেবল ভাতার রাজনীতি করছে। ৮৪ লক্ষ বেকার আজ ভাতা নয়, কাজ চায়।

আরও পড়ুনঃ গান শোনালেই চা ফ্রি! বীরভূমের অদ্ভুত চায়ের দোকান, লোকসান বলে গানে মজেন দোকানদার

তিনি আরও জানান, রাজ্যের ৯টি প্রান্ত থেকে রথ বের হবে এবং প্রতিটি রথ কলকাতায় গিয়ে শেষ হবে। ২ মার্চ তারাপীঠে যে রথযাত্রা শুরু হবে, তাতে অংশ নেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং মহাগুরু মিঠুন চক্রবর্তী। বীরভূমের রথকে বাউল, কীর্তন ও রাঁয়বেশের মতো স্থানীয় লোকসংস্কৃতির মাধ্যমে বরণ করা হবে। জগন্নাথবাবুর স্পষ্ট বার্তা, “বিজেপি তোষণবাদের রাজনীতি করে না, সবকা সাথ সবকা বিকাশ-ই আমাদের মূল মন্ত্র।”